নিউজ ডেস্ক || রাজ্যের শিক্ষাব্যবস্থায় গুণগত উন্নয়নের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্পন্ন পার্সোনালাইজড অ্যাডাপটিভ ল্যাব (PAL) এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। বুধবার রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি একযোগে রাজ্যের ২১০টি স্কুলে এই ল্যাব চালু করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এই অত্যাধুনিক শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের অন্তর্নিহিত সক্ষমতা বিকশিত হবে।” তিনি আরও উল্লেখ করেন, পুঁথিগত শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। PAL-কে রাজ্যের শিক্ষাব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এটি শিক্ষার্থীদের ব্যক্তিগত চাহিদা অনুযায়ী রিয়েল-টাইম শিক্ষা প্রদান করবে।
পার্সোনালাইজড অ্যাডাপটিভ ল্যাব হল প্রযুক্তি-নির্ভর স্কুল-ভিত্তিক কেন্দ্র, যেখানে ট্যাবলেট বা ল্যাপটপে AI-চালিত সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মক্ষমতা বিশ্লেষণ করে শেখার ব্যবধান পূরণ করা হয়। প্রতিটি ল্যাবে ৫০-৬০টি কম্পিউটার সংযুক্ত থাকে। এতে মুখস্থবিদ্যার পরিবর্তে দক্ষতা নিশ্চিতকরণের উপর জোর দেওয়া হয়। অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যে এই ব্যবস্থায় শিক্ষার হার প্রায় দ্বিগুণ হয়েছে।
এই উদ্যোগ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে। ভবিষ্যতে আরও স্কুলে এই ল্যাব সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।


