আগামী ৯ মে ত্রিপুরায় এ বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হতে চলেছে। ত্রিপুরা হাইকোর্টসহ রাজ্যের সব জেলা ও মহকুমা আদালত চত্বরে একযোগে আয়োজিত এই লোক আদালতে ৪৬টি বেঞ্চে ২৫ হাজার ৫১৪টি মামলা নিষ্পত্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রাজ্য আইনসেবা কর্তৃপক্ষ জানিয়েছে, এর মধ্যে আদালতে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ২০ হাজার ৭৭৯টি মামলা এবং প্রি-লিটিগেশন পর্যায়ের ৪ হাজার ৭৩৫টি মামলা রয়েছে। মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ, বৈবাহিক বিরোধ, ব্যাংক ঋণ, বিএসএনএল বিল এবং আপোষযোগ্য ফৌজদারি মামলাসহ বিভিন্ন ধরনের বিষয় এতে অন্তর্ভুক্ত। ত্রিপুরা হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চে ২৮টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। উভয়পক্ষকে ইতিমধ্যে নোটিস প্রদান করা হয়েছে।
ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের এগজিকিউটিভ চেয়ারম্যান বিচারপতি অমরনাথ গৌড় লোক আদালত সফল করতে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। সদস্য-সচিব ভি পি দেববর্মা সকল পক্ষকে দ্রুত, সহজ ও বিনা খরচে মামলা নিষ্পত্তির সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এই লোক আদালতের মাধ্যমে বিচার ব্যবস্থায় জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং আদালতের বোঝা কমবে বলে আশা করা হচ্ছে। জাতীয় লোক আদালত সাধারণ মানুষের জন্য মামলা জটিলতা থেকে মুক্তির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সংশ্লিষ্ট সকলকে এ সুযোগ কাজে লাগানোর পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।


