নিউজ ডেস্ক || ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনে সদর জেলা যুব কংগ্রেস সভাপতি পদে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন ডঃ পার্থ প্রতীম দত্ত।
গত ২০ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলা ভোটাভুটিতে সদর জেলায় মোট ২৫০১ জন মেম্বার ভোট প্রদান করেন। ৩০ এপ্রিল ঘোষিত ফলাফলে দেখা যায়, ডঃ পার্থ প্রতীম দত্ত এককভাবে ১৬১৮ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অমন মিয়া পেয়েছেন মাত্র ৪৪১ ভোট।
চারজন প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত এই নির্বাচনে ডঃ দত্তের এই বিপুল জয় যুব কংগ্রেস কর্মীদের মধ্যে তাঁর জনপ্রিয়তার স্পষ্ট প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে বড়দোয়ালি ব্লক যুব কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা ডঃ পার্থ প্রতীম দত্ত বিভিন্ন যুব ও ছাত্র আন্দোলনে সক্রিয় নেতৃত্ব দিয়ে এলাকায় পরিচিতি লাভ করেছেন। এবার সদর জেলা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি দলের অভ্যন্তরে শক্ত অবস্থান তৈরি করলেন।
তাঁর এই জয়ে সদর জেলা, বিশেষ করে বড়দোয়ালি ব্লকে উৎসবের আমেজ বিরাজ করছে। বড়দোয়ালি ব্লক কংগ্রেস কমিটির সভাপতি দীপক কুমার পাল ডঃ পার্থ প্রতীম দত্তকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “এই জয় ত্রিপুরায় যুব কংগ্রেসকে নতুন শক্তি ও গতি দেবে।”
ডঃ দত্তের জয়কে অনেকেই ত্রিপুরা যুব কংগ্রেসের ভবিষ্যতের জন্য ইতিবাচক বলে মনে করছেন।


