নিউজ ডেস্ক || ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে সিপিআইএমের আগাম প্রার্থী ঘোষণা নিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, বিজেপিকে পরাস্ত করার আন্তরিকতা সিপিআইএমের নেই এবং তাদের প্রার্থী প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
অতীতে বক্সনগর ও ধনপুর উপনির্বাচনে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের স্বার্থে কংগ্রেস প্রার্থী দেয়নি, যাতে ভোট বিভক্ত না হয়। কিন্তু সিপিআইএম তখনও প্রার্থী দিয়েছিল। সুদীপ রায় বর্মণ বলেন, “অতীতে বক্সনগর ও ধনপুর উপনির্বাচনে বিজেপিকে পরাস্ত করার বৃহত্তর স্বার্থে কংগ্রেস প্রার্থী দেয়নি। ভোট যাতে বিভক্ত না হয়, সেই লক্ষ্যেই কংগ্রেস সেই সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সেই সময় সিপিআইএম তাদের প্রার্থী দিয়েছিলেন।”
বর্তমানে ধর্মনগর উপনির্বাচনকে সামনে রেখে সিপিআইএম কংগ্রেসের সঙ্গে কোনো আলোচনা না করেই প্রার্থী ঘোষণা করেছে, যা অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন সুদীপ। তিনি আরও বলেন, “বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হলে বিরোধী শক্তিগুলির মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয় থাকা জরুরি।” এতে বিরোধী ঐক্য ভেঙে পড়তে পারে এবং ভোট বিভক্ত হয়ে বিজেপির সুবিধা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
যদি সিপিআইএম সত্যিই বিজেপিকে পরাস্ত করতে চায়, তাহলে প্রার্থী প্রত্যাহার করে সমন্বয় বজায় রাখা উচিত বলে দাবি করেছেন সুদীপ। এই ঘটনা ত্রিপুরার রাজনীতিতে বিরোধীদের মধ্যে ফাটলের ইঙ্গিত দিচ্ছে, যা আগামী নির্বাচনগুলিতে প্রভাব ফেলতে পারে। উপনির্বাচনের তারিখ ঘোষণার অপেক্ষায় রাজনৈতিক মহল।


