আগরতলা, ২৪ জুন: নেশার কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যকে সামনে রেখে বুধবার আগরতলায় এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং জেলা সমাজ শিক্ষা আধিকারিকের যৌথ উদ্যোগে আয়োজিত এই র্যালিতে বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালিটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে উমাকান্ত স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ নাগরিকরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমারসহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
র্যালি উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, শুধুমাত্র পুলিশ প্রশাসন বা সমাজকল্যাণ দপ্তরের একক প্রচেষ্টায় নেশামুক্ত সমাজ গঠন সম্ভব নয়। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলকে নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
মন্ত্রী আরও জানান, রাজ্যে অবৈধ ও অনিয়মিতভাবে পরিচালিত নেশামুক্ত কেন্দ্রগুলিকে নিয়ন্ত্রণে আনতে সরকার ইতোমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি বিশ্রামগঞ্জে প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ১০০ বেডের নেশামুক্ত হাসপাতাল নির্মাণের কাজ চলছে। এছাড়াও রাজ্যের প্রতিটি জেলায় ৫০ বেডের নেশামুক্ত হাসপাতাল স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
র্যালির সূচনায় উপস্থিত সকলেই নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে শপথ গ্রহণ করেন। আয়োজকদের মতে, এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি তরুণ প্রজন্মকে নেশার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে এবং একটি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


