আগরতলা, ৫ জুন: পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার আগরতলায় এক বিশেষ সচেতনতামূলক র্যালির আয়োজন করে ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পরিষদ। সুকান্ত একাডেমী প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে।
র্যালিতে রাজ্যের বনমন্ত্রী অনিমেশ দেববর্মা, দূষণ নিয়ন্ত্রণ পরিষদের আধিকারিকবৃন্দ, পরিবেশপ্রেমী নাগরিক, বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের হাতে পরিবেশ রক্ষার বার্তা সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার শোভা পায়, যা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
এদিন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা বলেন, পরিবেশ রক্ষায় নাগরিকদের সচেতন করা এবং বিভিন্ন পরিবেশবান্ধব নির্দেশিকা মেনে চলতে উদ্বুদ্ধ করাই পরিবেশ দপ্তরের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি উল্লেখ করেন, পরিবেশকে সুস্থ ও বাসযোগ্য রাখতে কেবলমাত্র কিছু মানুষের উদ্যোগ যথেষ্ট নয়; বরং সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বনায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। বনভূমি ও প্রাকৃতিক সম্পদের পরিমাণ যত বৃদ্ধি পাবে, পরিবেশ ততই সুস্থ ও সুরক্ষিত থাকবে।
র্যালিতে উপস্থিত বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণ কর্মসূচিকে জোরদার করা এবং প্লাস্টিক দূষণ প্রতিরোধে সকলকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল এদিনের কর্মসূচির মূল লক্ষ্য।
একটি সবুজ, পরিচ্ছন্ন ও সুন্দর পৃথিবী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে র্যালির সমাপ্তি হয়।


