আগরতলা, ১৩ জুলাই: প্রবল বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে স্থগিত হওয়া ত্রিপুরা উচ্চমাধ্যমিকের তিনটি বিষয়ের পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (TBSE)। পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরী জানান, ১৩ জুলাই স্থগিত হওয়া পরীক্ষাগুলি আগামী ১৫ জুলাই, ২০২৬ অনুষ্ঠিত হবে।
তিনি জানান, দ্বাদশ শ্রেণীর গণিত (Mathematics), ভূগোল (Geography) এবং শিক্ষাবিজ্ঞান (Education) বিষয়ের পরীক্ষাগুলি নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় অপরিবর্তিত রেখে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।
পর্ষদ সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল কর্তৃপক্ষ, শিক্ষা অধিকর্তা এবং বিভিন্ন জেলার জেলা শাসকদের (DM) মাধ্যমে পর্ষদের কাছে খবর পৌঁছায় যে, টানা ভারী বৃষ্টির ফলে বহু এলাকায় জল জমে গেছে। এর ফলে পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।
শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্ষদ ১৩ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে দ্রুত নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
পর্ষদ পরীক্ষার্থীদের নির্ধারিত দিনে যথাসময়ে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে।


