নিউজ ডেস্ক || এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর তিপরা মথার অন্দরে চলা বিদ্রোহের সুর ক্রমশ স্তিমিত হতে শুরু করেছে। পাহাড়ের রাজনৈতিক সমীকরণে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বিদ্রোহী নেতারা ফের দলীয় সুপ্রিমোর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন—এমনই জোর জল্পনা রাজনৈতিক মহলে।
এই আবহেই নতুন করে আলোচনায় উঠে এল মান্দাইবাজারের বিধায়িকা স্বপ্না দেববর্মার নাম। বৃহস্পতিবার তিনি স্বামী ও সন্তানকে সঙ্গে নিয়ে শিলংয়ে তিপরা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মার বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের বিষয়টি নিজেই একটি ভিডিও বার্তার মাধ্যমে প্রকাশ্যে আনেন প্রদ্যোত।
ভিডিও বার্তায় তিনি জানান, স্বপ্না দেববর্মা নিজের পূর্বের অবস্থান পুনর্বিবেচনা করে দলীয় আদর্শে আস্থা রেখেই পুনরায় একত্রিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রদ্যোতের কথায়, “যারা ভুল করেছে, তাদেরও সংশোধনের সুযোগ থাকা উচিত। দলের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
উল্লেখ্য, নির্বাচনের আগে তিপরা মথার অভ্যন্তরীণ দ্বন্দ্বে স্বপ্না দেববর্মা অন্যতম আলোচিত নাম ছিলেন। এডিসি নির্বাচনের প্রচারেও তাঁকে সক্রিয়ভাবে দেখা যায়নি, যা ঘিরে দলীয় অন্দরে নানা জল্পনা তৈরি হয়। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপির সঙ্গে জোটপন্থী গোষ্ঠীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়েও আলোচনা চলছিল।
তবে সাম্প্রতিক এই সাক্ষাৎ এবং ভিডিও বার্তার পর স্পষ্ট ইঙ্গিত মিলছে, তিপরা মথার অভ্যন্তরীণ দ্বন্দ্ব অনেকটাই প্রশমিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এডিসি নির্বাচনে দলের ফলাফলই এই পরিবর্তনের অন্যতম বড় কারণ, যা দলকে আবারও ঐক্যের পথে ফিরিয়ে আনছে।


