নিউজ ডেস্ক || আগামী এডিসি ও উপনির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রতিটি বুথে কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বামফ্রন্ট। সাংবাদিক সম্মেলনে নেতারা বলেন, ২০১৮ সালের আগে রাজ্যে ভোট ছিল উৎসবের পরিবেশ, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই।
বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে জানান, বিরোধী দলের ওপর হামলার অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায়। এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। তাই প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী, সংবেদনশীল এলাকায় নিয়মিত টহল, ওয়েবকাস্টিং-স্ক্যানার ব্যবস্থা চালু এবং সব দলের সমান প্রচারের সুযোগ নিশ্চিত করার দাবি করা হয়েছে। বিরোধী কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগও নির্বাচন কমিশনে তুলে ধরা হয়েছে।
সিপিআই রাজ্য সম্পাদক মিলন বৈদ্য বলেন, “মানুষ যেন উৎসবের পরিবেশে ভোট দিতে পারেন, সেটাই আমরা চাই। পুলিশকে দর্শকের ভূমিকায় না থেকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে। টাকার খেলা বন্ধ করাও জরুরি।” সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান, গণতান্ত্রিক অধিকার রক্ষায় এই দাবি। তিনি অভিযোগ করেন, বিধানসভা অধিবেশনে বিরোধী দলনেতার আবেদন শাসকদল গুরুত্ব দেয়নি, অধ্যক্ষও কোনো উদ্যোগ নেননি।
প্রার্থী ও পোলিং এজেন্টদের নিরাপত্তায় ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (পিএসও) এবং এসডিপিওদের নির্দেশ দেওয়ার দাবিও জানানো হয়েছে। সম্মেলনে আরএসপি রাজ্য সম্পাদক দীপক দেব, ফরোয়ার্ড ব্লকের রঘুনাথ সরকারসহ বামফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বাম নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। নির্বাচন কমিশন এখন কী পদক্ষেপ নেয়, তা দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল।


