নিউজ ডেস্ক || বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার বার্তা ছড়িয়ে দিতে আগরতলায় এক সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। সামাজিক সংস্থা ‘অর্পণ’ এবং ইন্দো-জার্মান প্রজেক্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালির মূল প্রতিপাদ্য ছিল— “Walk for Our Planet: Inspired by Nature, For Climate, For Our Better Future”। পরিবেশ ও জলবায়ু সুরক্ষার গুরুত্ব তুলে ধরতেই এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়।
সচেতনতামূলক র্যালিটি আগরতলার ঐতিহাসিক উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উজ্জয়ন্ত প্রাসাদের সামনেই এসে শেষ হয়। অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং দূষণ নিয়ন্ত্রণের পক্ষে নানা বার্তা বহন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ‘অর্পণ’-এর সম্পাদক ড. বিশ্বেন্দু ভট্টাচার্য বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করতে এবং বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কমাতে ত্রিপুরার বনভূমি ও জীববৈচিত্র্য সবচেয়ে বড় প্রাকৃতিক সহায়ক শক্তি। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সকলকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
আয়োজকদের মতে, পরিবেশ রক্ষার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষকে প্রকৃতির প্রতি আরও দায়িত্বশীল করে তুলতেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।


