ক্লাবের আসন্ন বি-ডিভিশন ফুটবল লিগকে সামনে রেখে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ক্লাব কর্তৃপক্ষ তাদের লক্ষ্য, দল গঠন এবং প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক বাপী দেব, সভাপতি বিক্রম চক্রবর্তী, ফুটবল দলের কনভেনার প্রিয়তোষ চৌধুরী, টিম ম্যানেজার তন্ময় ধরসহ অন্যান্য কর্মকর্তারা।
সাংবাদিক সম্মেলনে ক্লাব কর্তৃপক্ষ জানায়, ২০২৩ সালে শেষবারের মতো তারা প্রথম ডিভিশন লিগে অংশ নিয়েছিল। এবার তাদের মূল লক্ষ্য বি-ডিভিশন লিগে চ্যাম্পিয়ন হয়ে আবারও প্রথম ডিভিশনে নিজেদের জায়গা নিশ্চিত করা।
দলের কনভেনার প্রিয়তোষ চৌধুরী জানান, লিগকে সামনে রেখে প্রতিদিন সকাল ৭টা থেকে নিয়মিত অনুশীলন চলছে। খেলোয়াড়দের ফিটনেস, কৌশলগত প্রস্তুতি এবং দলীয় সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, এবারের দলে মিজোরাম থেকে তিনজন বহিরাগত ফুটবলারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি জম্পুইজলা, কিল্লা এবং ত্রিপুরার বিভিন্ন প্রান্তের অভিজ্ঞ ও প্রতিভাবান স্থানীয় খেলোয়াড়দের নিয়ে একটি ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল গঠন করা হয়েছে।
ক্লাব কর্মকর্তাদের আশা, সঠিক পরিকল্পনা, কঠোর অনুশীলন এবং দলগত পারফরম্যান্সের মাধ্যমে এবারের মৌসুমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করে প্রথম ডিভিশনে ফেরার লক্ষ্য পূরণ করতে সক্ষম হবে দল।


