রাজ্যে বয়স উত্তীর্ণ বেকার সংখ্যা ১৫,৪৬৯, বেকার ভাতা বা বয়সের ছাড়ের পরিকল্পনা নেই সরকারের
নিউজ ডেস্ক || ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশ অধিবেশনের দ্বিতীয় তথা শেষ দিনে রাজ্যের বেকার সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন কর্মসংস্থান পরিষেবা এবং জনশক্তি পরিকল্পনা মন্ত্রী টিংকু রায়। কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় এবং সিপিএম বিধায়ক নয়ন সরকারের তারকা চিহ্নবিহীন প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী জানান, রাজ্যে বর্তমানে নথিভুক্ত বয়স উত্তীর্ণ বেকারের সংখ্যা ১৫,৪৬৯ জন।
মন্ত্রী টিংকু রায় স্পষ্ট করেন, বেকারদের যোগ্যতানুযায়ী বেকার ভাতা প্রদানের কোনও পরিকল্পনা বর্তমানে রাজ্য সরকারের নেই। তিনি আরও জানান, ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে রাজ্যের কর্ম বিনিয়োগ কেন্দ্রে নথিভুক্ত ৭,২৩৯ জন এবং ২০২৪-২৫ অর্থবর্ষে ৮,২৪০ জন বেকারের চাকরির বয়সসীমা ছাড়িয়ে গেছে।
এছাড়াও, বয়স উত্তীর্ণ বেকারদের কর্মসংস্থানের জন্য বয়সের সীমায় ছাড় দেওয়ার কোনও পরিকল্পনাও সরকারের নেই বলে জানান মন্ত্রী। এই তথ্য রাজ্যের বেকার সমস্যার গভীরতা এবং সরকারের নীতিগত অবস্থানের দিকে ইঙ্গিত করে, যা বেকার যুবকদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে।


