আগরতলা, ১৯ জুন: জামাই ষষ্ঠীকে সামনে রেখে বাজারে পূজার সামগ্রী ও মৌসুমি ফলের পর্যাপ্ত মজুত থাকলেও প্রত্যাশিত ভিড় দেখা যাচ্ছে না। গত কয়েকদিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন থাকা এবং দফায় দফায় বৃষ্টিপাতের কারণে ক্রেতাদের বাজারমুখী হওয়ার প্রবণতা কমেছে। ফলে বিকিকিনি অনেকটাই কমে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ব্যবসায়ীদের মতে, এ বছর হিন্দু পঞ্জিকা অনুযায়ী মলমাস চলায় বহু পরিবার নতুন জামাইদের নিয়ে ঐতিহ্যবাহী জামাই ষষ্ঠী উদযাপন করছেন না। এর সরাসরি প্রভাব পড়েছে বাজারে, বিশেষ করে নতুন জামাইদের জন্য পোশাক, ফলমূল ও উপহার সামগ্রীর কেনাকাটায়।
তবে বাজারে করমচা, আম, লিচু, ফুল, দুর্বা, বেলপাতাসহ ষষ্ঠী পূজার প্রয়োজনীয় সামগ্রীর কোনো অভাব নেই। বিক্রেতাদের দাবি, অধিকাংশ পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে এবং গত বছরের তুলনায় উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি হয়নি।
সব মিলিয়ে ব্যবসায়ীরা এখন শেষ মুহূর্তের ক্রেতাদের ওপরই ভরসা রাখছেন। তাঁদের আশা, আজ সন্ধ্যা এবং আগামীকাল সকালে বাজারে ক্রেতাদের ভিড় বাড়লে বিক্রি কিছুটা বাড়বে এবং দীর্ঘ মন্দার পর মুখে ফিরবে স্বস্তির হাসি।


