আগরতলা, প্রতিনিধি: স্মার্ট সিটির বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কাজের ধীরগতির প্রতিবাদে স্মার্ট সিটি কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করলেন বাম নেতৃত্ব। স্মারকলিপি জমা দেওয়ার পর বাম নেতা অমল চক্রবর্তী জানান, স্মার্ট সিটির সিইও-সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তাদের উত্থাপিত সমস্যাগুলি গুরুত্ব সহকারে শুনেছেন।
অমল চক্রবর্তীর দাবি, আলোচনায় আধিকারিকরা স্বীকার করেছেন যে বামেদের পক্ষ থেকে তুলে ধরা প্রতিটি সমস্যাই বাস্তব ও সত্য। তবে সমস্যা সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও নানা প্রশাসনিক ও নীতিগত জটিলতার কারণে সেগুলির সমাধান দ্রুত সম্ভব হচ্ছে না বলেও ইঙ্গিত মিলেছে।
বর্তমান পরিস্থিতির তীব্র সমালোচনা করে তিনি বলেন, আগরতলা এখন আর ‘স্মার্ট সিটি’ নয়, বরং ‘আনস্মার্ট সিটি’-তে পরিণত হয়েছে। শহরের নাগরিকরা দীর্ঘদিন ধরে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন, অথচ নির্ধারিত সময়ে উন্নয়নমূলক কাজ সম্পন্ন হচ্ছে না।
বাম নেতাদের অভিযোগ, স্মার্ট সিটি কর্তৃপক্ষ সমস্যাগুলি উপলব্ধি করলেও সরকারের নীতিগত জটিলতা এবং পরোক্ষভাবে ‘কাঠমানি মাফিয়াদের উপদ্রব’-সহ বিভিন্ন কারণে উন্নয়নের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এই পরিস্থিতি থেকে নাগরিকদের মুক্তি দিতে এবং উন্নয়নের কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে বাম নেতৃত্ব জনগণের প্রতি ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়েছেন।


