নিউজ ডেস্ক || ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একটি নিখুঁত গোপন অভিযানে হামাসের নবনিযুক্ত সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ ওদেহ নিহত হয়েছেন। দায়িত্ব গ্রহণের মাত্র সাত দিনের মাথায় তার এই মৃত্যু হামাসের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, পশ্চিম গাজা শহরের রিমাল এলাকায় একটি বড় আকারের বিমান হামলা চালানো হয়। হামলায় একটি ভবনের উপরতলা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এতে তিনজন নিহত হন, যাদের মধ্যে মোহাম্মদ ওদেহও ছিলেন।
গত ১৫ মে ইসরায়েলি অভিযানে হামাসের তৎকালীন সেনাপ্রধান ইজ আল-দিন আল-হাদ্দাদ সপরিবারে নিহত হন। তার মৃত্যুর মাত্র তিন দিন পর মোহাম্মদ ওদেহ আল-কাসাম ব্রিগেডের দায়িত্ব নেন।
ওদেহ হামাসের দীর্ঘদিনের অভিজ্ঞ নেতা। আল-কাসাম ব্রিগেডের প্রধান হওয়ার আগে তিনি হামাসের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের বড় হামলায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে ধারণা করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, একের পর এক শীর্ষ নেতৃত্বের মৃত্যুতে হামাসের সামরিক কাঠামো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ঘটনার পর গাজা সীমান্তে ইসরায়েলি বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং সম্ভাব্য পাল্টা রকেট হামলার আশঙ্কায় সতর্ক অবস্থায় রয়েছে।
এই হামলা ইসরায়েল-হামাস সংঘাতের নতুন একটি অধ্যায় যোগ করলো বলে মনে করা হচ্ছে।


