মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে অভয়নগরে নেওয়া হলো এক বিশেষ উদ্যোগ। অভয়নগর স্পোর্টস অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে অভয়নগরস্থিত হিন্দি উচ্চতর বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এলাকার মোট ১৫০ জন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মহিলাদের ঘরে বসে উপার্জনের সুযোগ তৈরি করা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করা। সেলাই মেশিনের মাধ্যমে মহিলারা নিজস্ব কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা উদ্যোক্তাদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় সমাজ ও পরিবারে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। বিশেষ করে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নারীদের আরও বেশি অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।
নারীদের দক্ষতা ও সক্ষমতার উদাহরণ তুলে ধরে মন্ত্রী দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, প্রাক্তন কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল-এর মতো সফল নারীদের প্রসঙ্গ উল্লেখ করেন।
উদ্যোক্তাদের বক্তব্য, শুধুমাত্র সহায়তা প্রদান নয়, মহিলাদের নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি করাই এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য। ভবিষ্যতেও এলাকার মহিলাদের আত্মনির্ভর করে তুলতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখা হবে বলে জানানো হয়েছে।
নারীর হাতে কর্মসংস্থানের হাতিয়ার তুলে দেওয়ার এই উদ্যোগ অভয়নগরে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান