আসামে ২০২৭ সালের জনগণনার প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ উপলক্ষে রাজ্যবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি জানান, এবারের জনগণনায় প্রথমবারের মতো স্বয়ং-গণনা (Self-Enumeration)-এর ব্যবস্থা চালু করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আগামী ২ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত নাগরিকরা একটি বিশেষ অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেদের পরিবারের তথ্য স্বতঃস্ফূর্তভাবে জমা দিতে পারবেন। এর ফলে জনগণনার প্রক্রিয়া আরও সহজ, দ্রুত এবং প্রযুক্তিনির্ভর হবে বলে আশা করা হচ্ছে।
যেসব নাগরিক অনলাইনে তথ্য জমা দেবেন, তাদের ক্ষেত্রে গণনাকারীরা কেবল বাড়িতে গিয়ে তথ্য যাচাই করবেন এবং Self-Enumeration ID সংগ্রহ করবেন। অন্যদিকে, যারা অনলাইনে তথ্য জমা দেবেন না, তাদের বাড়ি বাড়ি গিয়ে গণনাকারীরা বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের মধ্যে থাকবে বাসস্থানের অবস্থা, বিদ্যুৎ সংযোগ, পানীয় জলের ব্যবস্থা, শৌচাগার, রান্নার জ্বালানি, ইন্টারনেট সুবিধা, যানবাহন এবং মোবাইল ফোন ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়।
মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে সঠিক ও নির্ভুল তথ্য প্রদানের আহ্বান জানিয়ে বলেন, জনগণনায় সংগৃহীত তথ্য দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং ‘বিকাশিত ভারত’ গড়ে তোলার ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই প্রত্যেক নাগরিকের সহযোগিতা একটি সফল ও নির্ভুল জনগণনা নিশ্চিত করতে অত্যন্ত জরুরি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান