নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরায় এনএলএফটি (NLFT) এবং এটিটিএফ (ATTF)-এর আত্মসমর্পণকারী প্রাক্তন উগ্রপন্থীরা তাদের দীর্ঘদিনের বকেয়া দাবি পূরণের দাবিতে আগামী ১৫ আগস্ট, অর্থাৎ স্বাধীনতা দিবসে রাজপথ ও রেলপথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন। তাঁদের অভিযোগ, আত্মসমর্পণের সময় সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার অধিকাংশই আজও বাস্তবায়িত হয়নি।
প্রাক্তন সদস্যদের দাবি, আত্মসমর্পণের পর তাঁদের পুনর্বাসনের জন্য চাকরি, আর্থিক সহায়তা এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার কথা থাকলেও বাস্তবে সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। পাশাপাশি, আত্মসমর্পণের বহু বছর পরেও তাঁদের বিরুদ্ধে থাকা বিভিন্ন আইনি মামলার নিষ্পত্তি বা প্রত্যাহারের ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে।
আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, চাকরিসহ মোট ২৫ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য তাঁরা রাজ্য সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। দাবি পূরণে অবিলম্বে উদ্যোগ না নেওয়া হলে আগামী ১৫ আগস্ট থেকে রাজপথ ও রেললাইনে বসে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, কয়েক মাস আগেও একই ধরনের আশ্বাস পাওয়ার পর আন্দোলন স্থগিত করা হয়েছিল। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দাবিগুলির বাস্তবায়ন না হওয়ায় আত্মসমর্পণকারী প্রাক্তন সদস্যদের মধ্যে আবারও অসন্তোষ বৃদ্ধি পেয়েছে।
স্বাধীনতা দিবসের মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিনে সম্ভাব্য রাস্তা ও রেল অবরোধের ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এমন কর্মসূচি বাস্তবায়িত হলে যাত্রী চলাচল, ব্যবসা-বাণিজ্য, সরকারি-বেসরকারি পরিষেবা এবং নিত্যদিনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। পরিস্থিতি মোকাবিলায় সরকার কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই এখন নজর রয়েছে সংশ্লিষ্ট মহল ও সাধারণ মানুষের।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান