নিউজ ডেস্ক || ২০২৬ সালের উপজাতি স্বশাসিত জেলা পরিষদ (TTAADC) নির্বাচনে তিপ্রা মথা পার্টির ভোট শতাংশ ৩৭.৪৩ থেকে বেড়ে ৫৪.৯৫ শতাংশে পৌঁছেছে। একই সঙ্গে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রায় ৯.৬ শতাংশ ভোট বৃদ্ধি করে নিজেদের উপস্থিতি স্পষ্ট করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে বিজেপির জন্য ‘কৌশলগত লাভ’ হিসেবে বর্ণনা করছেন।
২০২১ সালের নির্বাচনে তিপ্রা মথা ৩৭.৪৩ শতাংশ ভোট পেলেও ২০২৬ সালে তা প্রায় ১৭.৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে বামফ্রন্টের ভোট ১২.৪৬ শতাংশ থেকে নেমে ১০.১১ শতাংশে দাঁড়িয়েছে। বিজেপির ভোট শতাংশ ছিল ১৮.৭২, যা বেড়ে হয়েছে ২৮.৩৭ শতাংশ।
বিজেপির এই উত্থানের পেছনে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো উপজাতি এলাকায় জোরদারভাবে পৌঁছে দেওয়া, রাস্তা-স্বাস্থ্য-শিক্ষা-পানীয় জলের মতো অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় নেতৃত্বকে সামনে আনার কৌশল কাজ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সংগঠনগতভাবে দলটি উপজাতি সম্প্রদায়ের মধ্যে নিজেদের ভিত্তি আরও মজবুত করতে সক্ষম হয়েছে।
তবে বিজেপি এখনও জনজাতি এলাকায় প্রধান শক্তি হয়ে উঠতে পারেনি। তিপ্রা মথার বিপুল ভোট শেয়ার দেখিয়ে দিচ্ছে যে জাতি ও আবেগের রাজনীতিতে দলটি এখনও পিছিয়ে রয়েছে। বামফ্রন্টের দুর্বলতার সুবিধা নিয়ে বিজেপি কিছু ভোট টেনেছে, কিন্তু বড় অংশই গেছে তিপ্রা মথার দিকে।
রাজনৈতিক মহলের মতে, এই ৯.৬ শতাংশ বৃদ্ধি বিজেপির জন্য ভবিষ্যতের জন্য শক্ত ভিত তৈরি করেছে। ধীরে ধীরে উপজাতি রাজনীতিতে প্রবেশ করে আগামী নির্বাচনে আরও বড় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অবস্থানে পৌঁছেছে দল।
সব মিলিয়ে, ২০২৬-এর TTAADC নির্বাচন বিজেপির ক্ষমতা দখলের গল্প না হলেও স্পষ্টভাবে একটি ‘স্ট্র্যাটেজিক গেইন’-এর নির্বাচন। এটি উপজাতি অঞ্চলে বিজেপিকে আরও প্রাসঙ্গিক ও প্রতিযোগিতামূলক করে তুলেছে বলে মনে করা হচ্ছে।


