অবৈধ বিজ্ঞাপনের বিরুদ্ধে কড়া অবস্থান, রামনগর পরিদর্শনে মেয়রের উন্নয়ন তৎপরতা

1 Min Read

শহরকে আরও পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য করে তুলতে অবৈধ ও নিয়মবহির্ভূত বিজ্ঞাপনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আগরতলা পুরনিগম। বৃহস্পতিবার পুরনিগমের মেয়র স্পষ্টভাবে জানান, অনুমতি থাকুক বা না থাকুক, শহরের অলিগলি ও বিভিন্ন স্থানে লাগানো সব ধরনের অবৈধ বিজ্ঞাপন দ্রুত অপসারণ করা হবে।

এদিন মেয়র ১৬ নম্বর ওয়ার্ডের রামনগর ১, ২, ৩, ৪, ৫ ও ৬ নম্বর রোডসহ বিভিন্ন এলাকা সশরীরে পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় ড্রেন সংস্কার এবং গলির রাস্তা নির্মাণের প্রয়োজনীয়তা চিহ্নিত করে সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। তবে স্থায়ী ও টেকসই উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে বলেও উল্লেখ করেন মেয়র।

রামনগর এলাকার একটি ঐতিহ্যবাহী ক্লাব ঘরের কিছু অংশ ড্রেন নির্মাণ কাজে বাধা সৃষ্টি করছে বলে জানা গেলে তিনি সংশ্লিষ্ট ঠিকাদারকে ওই অংশ দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দেন, যাতে উন্নয়নমূলক কাজ বাধাহীনভাবে এগিয়ে নেওয়া যায়।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র জানান, শহরকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে পুরনিগমের উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরকদমে চলছে। নাগরিক পরিষেবা উন্নয়ন ও পরিকাঠামো শক্তিশালী করতে ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version