নিউজ ডেস্ক || রবিবার দুপুরে রাজধানীর বিকে রোডের বিজয়া প্যালেস হোটেলে অবৈধ কার্যকলাপের অভিযোগে অভিযান চালায় পূর্ব আগরতলা থানার পুলিশ। তবে অভিযান শেষে পুলিশ জানিয়েছে, তল্লাশিতে কোনো অবৈধ কার্যকলাপের প্রমাণ মেলেনি।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশের একটি দল হোটেলে পৌঁছে কয়েকটি কক্ষে তল্লাশি চালায়। কিন্তু অভিযানের মাঝেই হোটেল মালিকের সঙ্গে পুলিশের ব্যক্তিগত আলোচনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের একাংশের দাবি, এরপর আর বাকি কক্ষগুলোতে তল্লাশি করা হয়নি।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পরও কেন পুরো হোটেলে সম্পূর্ণ তল্লাশি করা হলো না? তাঁদের অভিযোগ, এমন আংশিক অভিযান সন্দেহের উদ্রেক করেছে।
পুলিশের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছিল এবং তাতে কোনো অপরাধমূলক তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে শহরজুড়ে আলোচনা চলছে। সচেতন মহলের দাবি, এ ধরনের সংবেদনশীল অভিযানে পুলিশকে আরও স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে, যাতে জনমনে কোনো বিভ্রান্তি না ছড়ায়। বিষয়টি নিয়ে আরও তদন্তের দাবি উঠতে শুরু করেছে।
