আগরতলার সুপারিবাগানে দশরথ দেব মেমোরিয়াল ভবনে মঙ্গলবার জাতীয় ও আন্তর্জাতিক স্তরে কৃতিত্ব অর্জনকারী উপজাতি খেলোয়াড় ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সংবর্ধনা ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে। উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণকারী ৫৩ জন এবং জাতীয় স্তরে সাফল্য পাওয়া ৪৯ জন খেলোয়াড়কে সম্মাননা ও আর্থিক পুরস্কার দেওয়া হয়। এছাড়া তিনজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকেও সংবর্ধিত করা হয়। উপজাতি সম্প্রদায়ের প্রতিভাবান যুবক-যুবতীদের উৎসাহিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, “নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে রাজ্য সরকার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। খেলাধুলা যুব সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যায়।”
মন্ত্রী আরও জানান, বর্তমানে রাজ্যে ১২টি নবোদয় বিদ্যালয় চালু রয়েছে। আগামী দিনে আরও ৬টি চালু করা হবে এবং নতুন ১০টি স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক অনুমোদন চাওয়া হয়েছে। চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নবোদয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে উপজাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে সরকারের এই প্রয়াস ভবিষ্যতে যুব প্রজন্মকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
