আগরতলা, ৬ জুলাই: আগরতলা পুর নিগম এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর পূর্ণাবয়ব মূর্তি স্থাপনের লক্ষ্যে সোমবার ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, শিক্ষাবিদ ও দেশপ্রেমিক, যিনি দেশের ঐক্য, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর আদর্শ ও আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার দায়িত্ব গ্রহণের পর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর অবদানকে নতুনভাবে দেশের সামনে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ, চিন্তাধারা এবং দেশের জন্য আত্মত্যাগের ইতিহাস পৌঁছে দেওয়া অত্যন্ত প্রয়োজন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেশপ্রেম ও জাতীয় ঐক্যের মূল্যবোধে উদ্বুদ্ধ হতে পারে।
অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিন অনুষ্ঠানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবন, কর্ম এবং জাতীয় জীবনে তাঁর অবদানের উপর নির্মিত একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।
