আগরতলা, ৩ জুলাই: রাজধানী আগরতলার কাঁসারী পট্টি এলাকার বহুপ্রতীক্ষিত নতুন সিভিল হাসপাতাল খুব শীঘ্রই জনসাধারণের জন্য চালু হতে চলেছে। হাসপাতালটির উদ্বোধনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্যালোচনা করতে শুক্রবার স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে স্বাস্থ্য দপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে হাসপাতালটি পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় স্বাস্থ্য সচিব হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ (ওপিডি), জরুরি বিভাগ এবং চিকিৎসা সরঞ্জামের প্রস্তুতি খতিয়ে দেখেন। পাশাপাশি যে সমস্ত কাজ এখনও বাকি রয়েছে, সেগুলি দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন।
নতুন এই সিভিল হাসপাতালটি প্রাথমিকভাবে ৫০ শয্যা বিশিষ্ট হবে। হাসপাতাল চালুর জন্য চিকিৎসক, নার্স এবং বিভিন্ন বিভাগের প্রয়োজনীয় কর্মী নিয়োগের প্রক্রিয়াও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।
পরিকাঠামোর দিক থেকেও হাসপাতালটিকে আধুনিক মানের করে গড়ে তোলা হয়েছে। তিন থেকে চারতলা বিশিষ্ট এই ভবনে অক্সিজেন প্লান্ট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য পাওয়ার ব্যাকআপ, পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল, লিফট এবং আধুনিক জরুরি চিকিৎসা পরিষেবাসহ বিভিন্ন অত্যাবশ্যকীয় সুবিধা রাখা হয়েছে।
স্বাস্থ্য দপ্তরের আশা, হাসপাতালটি চালু হলে আগরতলা শহর এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা আরও সহজে ও দ্রুত মানসম্মত চিকিৎসা পরিষেবা পাবেন। একই সঙ্গে অন্যান্য সরকারি হাসপাতালের ওপর রোগীর চাপও অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
