আগরতলা রেল স্টেশনে বড়সড় সাফল্য, ৭০ ড্রামে মিলল দেড় কোটি টাকার নিষিদ্ধ কফ সিরাপ

1 Min Read

আগরতলা রেল স্টেশনে যৌথ অভিযানে উদ্ধার ৩৯,৩৪৫ বোতল নিষিদ্ধ ‘এসকফ’ কফ সিরাপ, বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা

গত গভীর রাতে আগরতলা রেল স্টেশনে নিয়মিত তল্লাশি চলাকালীন বড়সড় সাফল্য পেল জিআরপি (GRP) ও এসটিএফ (STF)। যৌথ অভিযানে একটি পণ্যবাহী রেল ওয়াগনে থাকা ৭০টি সন্দেহজনক ড্রাম তল্লাশি করে উদ্ধার করা হয় মোট ৩৯,৩৪৫ বোতল নিষিদ্ধ ‘এসকফ’ (Escuf) কফ সিরাপ।

পুলিশ সূত্রে জানা গেছে, সারারাত ধরে চলা এই অভিযানে উদ্ধার হওয়া নিষিদ্ধ কফ সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। বিপুল পরিমাণ এই মাদকজাতীয় সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার খবর পেয়ে ত্রিপুরা পুলিশের আইজি (ইন্টেলিজেন্স) কৃষ্ণেন্দু চক্রবর্তী-সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ‘নেশামুক্ত ত্রিপুরা’ গড়ার লক্ষ্যে পুলিশ মাদকবিরোধী অভিযান আরও জোরদার করেছে। এই বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধারের ঘটনায় কোনো আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বড় নেটওয়ার্ক জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই জোরকদমে তদন্ত শুরু হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, এই বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ রাজ্যের বাইরে পাচারের উদ্দেশ্যেই পণ্যবাহী ওয়াগনে লুকিয়ে রাখা হয়েছিল। গোটা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version