কুইন আনারস ও সুগন্ধি লেবুর রপ্তানির মাধ্যমে বিশ্ববাজারে ত্রিপুরার কৃষির নতুন অধ্যায়ের সূচনা।
ত্রিপুরার কৃষিপণ্য এবার সরাসরি আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে চলেছে। এতদিন দেশের বিভিন্ন রাজ্যে বিপণনের পর এবার মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন বিদেশি বাজারে রাজ্যের কৃষিপণ্য রপ্তানির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার এডিনগরস্থিত কৃষি গবেষণা কেন্দ্র থেকে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ সুগন্ধি লেবু ও কুইন আনারসের প্রথম নমুনা বিদেশে রপ্তানির উদ্দেশ্যে ফ্ল্যাগ-অফ করেন।
রাজ্য সরকারের উদ্যোগে কৃষি ও উদ্যানপালন খাতে আন্তর্জাতিক বিপণন এবং বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় সংশ্লিষ্ট সংস্থাগুলি প্রতিবছর ত্রিপুরা থেকে কুইন আনারস, সুগন্ধি লেবু, কালিখাসা সুগন্ধি চাল এবং অন্যান্য জৈব (অর্গানিক) কৃষিপণ্য সংগ্রহ করে বিদেশি বাজারে রপ্তানি করবে।
উদ্বোধনী চালানের জন্য সুগন্ধি লেবু সংগ্রহ করা হয়েছে বরমুড়া এফপিসি এবং দক্ষিণ ত্রিপুরার তৃষ্ণা এফপিসি থেকে। অন্যদিকে, কুইন আনারস এসেছে কেল্লা এফপিসি গ্রুপের কৃষকদের কাছ থেকে।
রাজ্য সরকার জানিয়েছে, ভবিষ্যতে ত্রিপুরার বিখ্যাত শবরী কলাসহ আরও বিভিন্ন কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানির পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের ফলে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি তাদের আয় বৃদ্ধি পাবে এবং ত্রিপুরার কৃষিভিত্তিক অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
