নিউজ ডেস্ক || আসন্ন আদিবাসী জেলা পরিষদ (এডিসি) নির্বাচনে সবকটি ২৮টি আসনেই প্রার্থী দিতে প্রস্তুত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বিগত দু’মাস ধরে জোরকদমে নির্বাচনী প্রস্তুতি চালানোর পাশাপাশি দুটি আঞ্চলিক দলের সঙ্গে জোট গঠনের সম্ভাবনার কথাও জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।
সোমবার সাংবাদিক সম্মেলনে আশিস কুমার সাহা বলেন, “প্রতিটি কেন্দ্রের প্রার্থী প্রায় চূড়ান্ত। অভ্যন্তরীণ অনুমোদনের পর খুব শীঘ্রই আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হবে।” বিধায়ক সুদীপ রায় বর্মণসহ শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি জানান, পাহাড়ি এলাকায় শক্তি বাড়াতে আঞ্চলিক মিত্রদের সঙ্গে সমন্বয় করে বিজেপি ও তিপরা মথার বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা হবে।
সভাপতি আরও বলেন, “কংগ্রেস প্রতিটি নির্বাচনকে গুরুত্ব দিয়ে দেখে। সরকারের ব্যর্থতা তুলে ধরব এবং সামগ্রিক উন্নয়নের রূপরেখা মানুষের সামনে রাখব। আঞ্চলিক মিত্রদের সমর্থনে আমরা পাহাড়ে বিজেপি ও মথাকে পরাজিত করতে আত্মবিশ্বাসী।” নতুন মুখকে প্রাধান্য দিয়ে জোটের সাহায্যে জনজাতি ভোটারদের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করবে কংগ্রেস।
প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর প্রচারে উন্নয়ন, জনজাতি কল্যাণ ও তৃণমূল ক্ষমতায়নের বিষয়গুলিকে প্রাধান্য দেওয়া হবে। রাজনৈতিক মহলের মতে, এই জোট কৌশল আসন্ন নির্বাচনে কংগ্রেসের অবস্থানকে শক্তিশালী করতে পারে এবং পাহাড়ি অঞ্চলে বিরোধী ঐক্যের নতুন সম্ভাবনা তৈরি করবে।
