এমবিবি কলেজে ভর্তি শুরু, ২,০৪০ আসনের বিপরীতে আবেদন প্রায় ১২ হাজার

1 Min Read

আগরতলা, ২২ জুন: এমবিবি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম পর্যায়ের ভর্তি প্রক্রিয়া আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই পর্যায়ের ভর্তি আগামী ৬ জুলাই পর্যন্ত চলবে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ের ভর্তি কার্যক্রম মোট চারটি রাউন্ডে সম্পন্ন হবে। প্রতিটি রাউন্ডের ভর্তি প্রক্রিয়া দুই দিন করে চলবে এবং প্রকাশিত মেধাতালিকা অনুযায়ী শিক্ষার্থীরা নির্ধারিত রাউন্ডে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

এমবিবি কলেজের অধ্যক্ষ ড. অর্জুন গোপ জানান, চলতি শিক্ষাবর্ষে কলেজে মোট ২,০৪০টি আসন রয়েছে। এর মধ্যে সাধারণ (ইউআর) বিভাগে ১,০৬২টি, তফসিলি জনজাতি (এসটি) বিভাগে ৬৩৫টি এবং তফসিলি জাতি (এসসি) বিভাগে ৩৪৩টি আসন সংরক্ষিত রয়েছে।

এদিকে, কলেজে ভর্তির জন্য এ বছর মোট ১১,৮৭৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন, যা আসন সংখ্যার তুলনায় প্রায় ছয় গুণ বেশি। ফলে ভর্তি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

প্রথম পর্যায়ের ভর্তি শেষ হওয়ার পর উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশনা অনুযায়ী দ্বিতীয় পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু হবে। ভর্তি প্রক্রিয়ার প্রথম দিনেই কলেজ চত্বরে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা যায়। অনেক শিক্ষার্থী ভর্তি নিয়ে নিজেদের উচ্ছ্বাস ও প্রত্যাশার কথাও জানান।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version