নিউজ ডেস্ক || আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার লোকজ ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। পৌষ সংক্রান্তির বনভোজন, বুড়িঘর বা আলন্তি ঘর নির্মাণের সেই দলবদ্ধ আনন্দ আজ অনেকটাই অতীত। কিন্তু এর মাঝেই আশার আলো জ্বালিয়েছে ত্রিপুরার তেলিয়ামুড়া মহকুমার প্রত্যন্ত বালুছড়া এলাকার একঝাঁক কচিকাঁচা।
নিজ উদ্যোগে আসন্ন পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে তারা ব্যস্ত বাঁশ, খড়, পাতা ও বনজ উপকরণ দিয়ে আলন্তি ঘর গড়ে তুলতে। অগ্রণী ভূমিকায় রয়েছে শুভদ্বীপ বিশ্বাস, গুনগুন দাস, অন্বেষা বিশ্বাস, উর্মিলা বিশ্বাস ও রিপন বিশ্বাস। কাজের ফাঁকে তাদের হাসি, উৎসাহ আর পারস্পরিক সহযোগিতায় মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা।
এই শিশুদের মধ্যে গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গভীর টান লক্ষ্য করা যাচ্ছে। তাদের এ উদ্যোগ শুধু একটি ঘর নির্মাণ নয়, বরং হারিয়ে যাওয়া পৌষ সংক্রান্তির বনভোজনের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে জীবন্ত করে তুলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এমন উদ্যোগ নিঃসন্দেহে সমাজের কাছে ইতিবাচক বার্তা বহন করছে। শুভদ্বীপ, গুনগুন, অন্বেষা, উর্মিলা ও রিপনের মতো শিশুদের হাত ধরেই ভবিষ্যতে আবার প্রাণ ফিরে পাবে গ্রামবাংলার লোকজ সংস্কৃতি ও পারিবারিক বন্ধনের আনন্দ।
