নিউজ ডেস্ক || কৃষক ও কৃষিশ্রমিকদের নানা সমস্যা সমাধানের দাবিতে অসংগঠিত শ্রমিক কংগ্রেস আজ শ্রম দপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ৯ দফা দাবি সম্বলিত ডেপুটেশন জমা দিয়েছে। সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে তারা।
রাজ্যের কৃষকরা দীর্ঘদিন ধরে ন্যায্য ফসলের দাম না পাওয়া, সার-বীজের সংকট, সীমান্ত এলাকায় নিরাপত্তাহীনতা ও ফ্লাডলাইট স্থাপনের ফলে জমির ক্ষয়ক্ষতি—এসব সমস্যায় জর্জরিত। অসংগঠিত শ্রমিক কংগ্রেসের নেতৃত্ব এদিন জানান, কেন্দ্রীয় সরকারের “জনবিরোধী নীতি”র কারণে কৃষিক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি হয়েছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের এক নেতা বলেন, “বর্তমান সরকারের বিভিন্ন জনবিরোধী সিদ্ধান্তের ফলে কৃষক-শ্রমিকরা চরম সমস্যার মধ্যে পড়েছেন। কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না, সীমান্তে নিরাপত্তার অভাবে ফসলের ক্ষতি হচ্ছে, মরশুমে সার-বীজের সংকট দেখা দিচ্ছে। এই পরিস্থিতি দ্রুত সমাধান না হলে কিষান কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।”
প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে—কালা শ্রম কোড বাতিল, রেগা মজুরি বৃদ্ধি, ভারত-বাংলাদেশ সীমান্তের গেট খোলার সময়সীমা বাড়ানো, সময়মতো সার-বীজ সরবরাহ, ফ্লাডলাইটের কারণে ক্ষতিগ্রস্ত জমির নিরপেক্ষ তদন্ত ও যথাযথ ক্ষতিপূরণ।
কেন্দ্রীয় সরকার এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। দাবিগুলি পূরণ না হলে রাজ্যে কৃষক আন্দোলন নতুন মাত্রা পেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
