মোহনপুর, প্রতিনিধি: কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে মোহনপুর মহকুমার বামুটিয়া এলাকার বেড়িমুড়া স্কুলে শুক্রবার একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। রাজ্য সরকারের চলমান ‘ক্ষেত বাঁচাও অভিযান’ কর্মসূচির অংশ হিসেবে এই কর্মশালার মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি, কৃষিজমি সংরক্ষণ এবং ফসলের সুরক্ষা সম্পর্কে সচেতন করা হয়।
উল্লেখ্য, গত ৫ জুন থেকে শুরু হওয়া ‘ক্ষেত বাঁচাও অভিযান’ আগামী ৩০ জুন পর্যন্ত রাজ্যজুড়ে চলবে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো কৃষিজমি রক্ষা, ফসলের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে কৃষকদের উৎসাহিত করা এবং কৃষিক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। তিনি বক্তব্যে প্রাকৃতিক কৃষি, শস্য বৈচিত্র্যকরণ এবং বিজ্ঞানভিত্তিক কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষিকাজে আধুনিক প্রযুক্তি, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর ব্যবহার কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রী জানান, ২০৪৭ সালের মধ্যে কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষিক্ষেত্রকে আরও শক্তিশালী করার লক্ষ্যে রাজ্য সরকার একটি সমন্বিত এগ্রিকালচার রোড ম্যাপ প্রণয়নের কাজ করছে।
এছাড়া তিনি সরকারি কৃষি-সুবিধা সহজে পাওয়ার জন্য ফার্মারস রেজিস্ট্রি করার ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, ইউনিক আইডি না থাকলে ভবিষ্যতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে কৃষকদের সমস্যার সম্মুখীন হতে হতে পারে। বর্তমানে রাজ্যে ৬,৪৭৪ জন কৃষক ফার্মারস রেজিস্ট্রি সম্পন্ন করেছেন। রাজ্যের বাকি কৃষক ভাই-বোনদেরও দ্রুত এই রেজিস্ট্রি সম্পন্ন করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
