বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে ত্রিপুরা, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং পার্শ্ববর্তী বিস্তীর্ণ অঞ্চলে ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ৪ জুলাই সৃষ্টি হওয়া নিম্নচাপটি ক্রমশ শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত প্রতিকূল আবহাওয়া বজায় থাকতে পারে।
দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন-সহ উপকূলবর্তী এলাকায় সকাল থেকেই টানা ভারী বৃষ্টি হচ্ছে। নদীগুলিও উত্তাল হয়ে উঠেছে। পূর্বাভাসে বৃষ্টির তীব্রতা কমার কথা থাকলেও বাস্তবে উল্টো দমকা হাওয়া ও ভারী বর্ষণের জেরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে।
পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী নদী ও সমুদ্রতীরবর্তী এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। প্রয়োজনে গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে স্থানীয় স্কুল বা নির্ধারিত নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেসব মৎস্যজীবী ইতিমধ্যেই গভীর সমুদ্রে অবস্থান করছিলেন, তাঁদের দ্রুত নিরাপদে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টাতেও বৃষ্টি, দমকা হাওয়া এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব অব্যাহত থাকতে পারে। তাই উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের নির্দেশ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
