নিউজ ডেস্ক || আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে ‘বিকশিত ভারত – জি রাম জি আইন ২০২৫’ প্রণয়ন উপলক্ষে জনপ্রতিনিধি সম্মেলন ও লাভার্থী সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা এই আইনকে গ্রামীণ উন্নয়ন ও দুর্নীতি রোধের একটি যুগান্তকারী পদক্ষেপ বলে বর্ণনা করেছেন।
মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে প্রবর্তিত এই আইন এমএনরেগার বিভিন্ন ত্রুটি সংশোধন করবে। তিনি উল্লেখ করেন, আগে মিডলম্যানদের কারণে শ্রমিকরা হয়রানির শিকার হতেন। নতুন আইন ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করবে এবং কর্মদিবস ১০০ থেকে বাড়িয়ে ১২৫ দিন করা হয়েছে।
ডাঃ সাহা আরও জানান, বিরোধীরা প্রথমে ভুল তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও আইনটি এখন বাস্তবায়নের পথে। তিনি বলেন, “রাম” শব্দের অর্থ এখানে বিকশিত ভারত, রোজগার ও আজীবিকা মিশনের গ্যারান্টি। এর মাধ্যমে গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও জবাবদিহিতা বাড়বে।
অনুষ্ঠানে সাংসদ বিপ্লব কুমার দেব, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়সহ একাধিক মন্ত্রী ও জনপ্রতিনিধিরা উপস্থিত এই আইন গ্রামীণ কর্মসংস্থান ও স্বচ্ছতার ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে, যা প্রধানমন্ত্রীর ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস’ মন্ত্রকে বাস্তবে রূপ দিতে সহায়ক হবে।
