উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি রেলস্টেশন সংলগ্ন গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের রেললাইন এলাকার পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তির নাম রাজু মিয়া (প্রায় ৩৫)। তাঁর আদি বাড়ি বিশ্রামগঞ্জ থানাধীন নন্তনতাই ছড়া এলাকায় হলেও, গত ৮-৯ বছর ধরে তিনি চুরাইবাড়িতে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে এক গাড়িচালক রেললাইনের পাশে মরদেহটি দেখতে পান। পরে তিনি স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানালে এলাকায় ভিড় জমে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।
স্থানীয়দের দাবি, রাজু মিয়া দীর্ঘদিন ধরে নেশার সঙ্গে যুক্ত ছিলেন। এর জেরে পরিবারে প্রায়ই অশান্তি লেগে থাকত। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
ঘটনাটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তদন্তকারী সূত্রে জানা গেছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
