জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়নে জোর, অঙ্গনবাড়ি ও স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে গুরুত্ব

2 Min Read

পঞ্চায়েতের মাধ্যমে সরকারি সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনের উদ্যোগ, ডবল শিফটে ওপিডি চালুর প্রস্তাব মন্ত্রী টিঙ্কু রায়ের

রাজ্যের সমাজকল্যাণ, জনস্বাস্থ্য ও স্থানীয় উন্নয়নমূলক বিভিন্ন বিষয়কে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, জেলা পরিষদের ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিত শিল, বিধায়িকা অন্তরাদেব সরকার, বিধায়িকা মিনা রানী সরকার এবং জেলা পরিষদের অন্যান্য সদস্য-সদস্যারা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, সমাজকল্যাণ দপ্তর মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়ের সঙ্গে যুক্ত। তাই সমাজকল্যাণ ও শ্রম দপ্তরের বিভিন্ন জনমুখী প্রকল্প ও সুবিধা যাতে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মাধ্যমে আরও কার্যকরভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোর পরিকাঠামো ও পরিষেবার মান উন্নয়নের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রগুলোকে আরও শক্তিশালী করে ‘সক্ষম অঙ্গনবাড়ি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে মন্ত্রী সরকারি হাসপাতালের রেফারেল ব্যবস্থা এবং চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন। তিনি বলেন, কৈলাশহর, ধর্মনগরসহ দূরবর্তী এলাকা থেকে চিকিৎসার জন্য আসা রোগীদের সুবিধার কথা বিবেচনা করে সরকারি হাসপাতালগুলিতে ওপিডি পরিষেবা ডবল শিফটে চালুর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। এতে বিকেল বা সন্ধ্যার সময় হাসপাতালে আসা রোগীরাও যথাযথ চিকিৎসা পরিষেবা পেতে পারবেন বলে তিনি মত প্রকাশ করেন।

সভায় সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের কার্যকর বাস্তবায়ন, অঙ্গনবাড়ি পরিষেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version