জনজাতি সম্প্রদায়ের স্বার্থসংশ্লিষ্ট তিন দফা দাবি নিয়ে সাংবাদিক সম্মেলন করল একটি জনজাতি সংগঠন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে জনজাতিদের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক পরিচয় রক্ষার দাবিতে তারা আন্দোলন চালিয়ে আসছে। এদিনের সাংবাদিক সম্মেলনে তারা তিনটি গুরুত্বপূর্ণ দাবি সরকারের সামনে তুলে ধরে।
প্রথমত, সমগ্র ভারতের জনজাতিদের কৃষ্টি, সংস্কৃতি ও রীতিনীতি সংরক্ষণের লক্ষ্যে ‘লোকুর কমিটি’ (Lokur Committee) গঠনের দাবি জানানো হয়েছে। সংগঠনের মতে, জনজাতি সমাজের স্বতন্ত্র বৈশিষ্ট্য ও ঐতিহ্য রক্ষায় একটি নির্দিষ্ট কমিটি গঠন অত্যন্ত জরুরি।
দ্বিতীয়ত, ভারতীয় সংবিধানের আওতায় নতুন আইন বা বিল পাস করে জনজাতি সমাজের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক নীতিকে সুরক্ষিত করার দাবি জানানো হয়েছে। সংগঠনের দাবি, সংবিধান প্রণেতা ড. বাবাসাহেব আম্বেদকরের ভাবনার আলোকে এমন আইন প্রণয়ন করতে হবে, যাতে ভবিষ্যতে জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতি বিলুপ্ত হওয়ার আশঙ্কা না থাকে।
তৃতীয়ত, দেশের বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের নিজস্ব সাংস্কৃতিক পরিচয় বা আইডেন্টিটিকে সাংবিধানিক স্বীকৃতি ও সুরক্ষা প্রদানের দাবি তোলা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য, জনজাতিদের স্বকীয় পরিচয় রক্ষা করা আজ সময়ের অন্যতম দাবি।
সংগঠনের কর্মকর্তারা জানান, এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই উচ্চপর্যায়ে আলোচনা করা হয়েছে। তবে সরকার যদি দ্রুত তাদের তিন দফা দাবি বাস্তবায়নের উদ্যোগ না নেয়, তাহলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা বলেও হুঁশিয়ারি দেন।
