জিবি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আগরতলায় গণ-অবস্থান

1 Min Read

নিজস্ব সংবাদদাতা, আগরতলা: জিবি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে এবং সেই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আগরতলার সার্কিট হাউস সংলগ্ন এলাকায় গণ-অবস্থানের আয়োজন করে সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদ, ত্রিপুরা রাজ্য কমিটি। কর্মসূচিতে নেতৃত্ব দেন কংগ্রেস বিধায়ক তথা সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি বীরজিত সিনহা।

আন্দোলনকারীদের অভিযোগ, চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন সম্ভব নয়। বরং এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ, বিশেষ করে প্রসূতি মায়েরা চরম ভোগান্তি ও আতঙ্কের মধ্যে পড়েছেন।

বক্তারা বলেন, জিবি হাসপাতালে এখনও পর্যাপ্ত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে ওঠেনি। একটি চিকিৎসা কার্ড সংগ্রহ করা থেকে শুরু করে চিকিৎসকের চেম্বারের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। এমন পরিস্থিতিতে প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় বলে দাবি করেন তাঁরা।

আন্দোলনকারীদের মতে, সরকার চিকিৎসকদের উপর বিধিনিষেধ আরোপ না করে প্রথমে হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নের দিকে নজর দিক। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান নিয়োগের মাধ্যমে সরকারি স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করার দাবি জানানো হয়।

বিক্ষোভকারীরা সতর্ক করে বলেন, জনস্বার্থবিরোধী এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটার বিষয়েও তাঁরা ভাববেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version