জিরানিয়া ও তেলিয়ামুড়ার মধ্যবর্তী রেলপথে চলমান অবরোধের জেরে ব্যাপকভাবে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী।
রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) কপিলঞ্জন কিশোর শর্মা টেলিফোনে জানান, অবরোধের কারণে আগরতলা-সেকেন্দ্রাবাদ, আগরতলা-করিমগঞ্জ এবং আগরতলা-অরুণাচলগামী ট্রেনগুলোর চলাচল সম্ভব হয়নি। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
অন্যদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে রাজ্য সরকার ও পুলিশের সঙ্গে লাগাতার আলোচনা চালিয়ে যাচ্ছে রেল প্রশাসন। দ্রুত অবরোধ তুলে নিয়ে ট্রেন চলাচল পুনরায় শুরু করার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে অবরোধ কতক্ষণ চলবে, সে বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। ফলে স্টেশনগুলোতে অপেক্ষার প্রহর গুনছেন বহু যাত্রী। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।
