জুলাইয়ের শুরুতেই বৃষ্টির দাপট, ত্রিপুরাজুড়ে ইয়েলো অ্যালার্ট; উত্তর-পূর্বে বন্যা ও ধসের আশঙ্কা

1 Min Read

পূর্বাভাস অনুযায়ী, জুলাই মাসের শুরুতেই ত্রিপুরায় বর্ষার প্রভাব আরও জোরদার হতে চলেছে। আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় আগরতলা আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে। ১ থেকে ৬ জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার কারণে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বৃষ্টির প্রভাবে তাপমাত্রা তুলনামূলকভাবে স্বাভাবিক থাকলেও আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

বিশেষ করে ১ থেকে ৫ জুলাই পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর ৭ ও ৮ জুলাই বৃষ্টির তীব্রতা কিছুটা কমে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

এদিকে, শুধু ত্রিপুরাই নয়, গোটা উত্তর-পূর্ব ভারতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ এবং সিকিমেও টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আসামের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে।

প্রশাসনের আশঙ্কা, অতিবৃষ্টির ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং নিচু এলাকায় জলাবদ্ধতার সমস্যা দেখা দিতে পারে। তাই অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলা, আবহাওয়া দপ্তরের নির্দেশিকা মেনে চলা এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version