নিউজ ডেস্ক || আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে তিপরা মথার সঙ্গে জোটের প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা। তিনি জানান, বিজেপি কখনও জোটের ‘ধর্ম’ বা নীতি ভঙ্গ করবে না এবং জোটের মর্যাদা রক্ষা করেই এগিয়ে যাবে।
শনিবার আগরতলার শহীদ ভগৎ সিং যুব হোস্টেলে দলের সাংগঠনিক প্রশিক্ষণ শিবিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা জোটের ধর্মকে সম্মান করি এবং তা মেনেই চলব। আগেও বলেছি, এখনও একই অবস্থানে আছি।”
টিটিএএডিসি নির্বাচনে বিজেপি ও তিপরা মথা কত আসনে লড়বে, তা নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দিল্লির শীর্ষ নেতৃত্ব বিষয়টি খতিয়ে দেখছেন এবং তাঁরাই ফর্মুলা নির্ধারণ করবেন।
এদিনের শিবিরে জাতীয় সম্পাদক বিনোদ সোনকার, রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্যসহ একাধিক মন্ত্রী, বিধায়ক ও রাজ্য কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। শিবিরে বিশেষ আলোচনা হয়েছে আসন্ন এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রসঙ্গে। মুখ্যমন্ত্রী বলেন, অভিভাবকের নাম ভোটার তালিকায় থাকলে চিন্তার কারণ নেই, শুধু একটি ফর্ম পূরণ করলেই হবে।
তিনি জোর দিয়ে বলেন, এই প্রক্রিয়া ভোটার তালিকা পরিশুদ্ধ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলাদেশ-সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরার জন্য। দলের কর্মীদের প্রস্তুত রাখতে এমন শিবির আয়োজন করা হচ্ছে যাতে প্রকৃত ভোটাররা কোনও সমস্যায় না পড়েন।
