নিউজ ডেস্ক || আগরতলা–সাব্রুম জাতীয় সড়কে শান্তিরবাজার পিটিজি অফিস সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় গিরিবালা দেবনাথ (শান্তিরবাজার, কেসি পাড়া) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একটি টিপার গাড়ি (নম্বর: টিআর০৩-জি-১৫০৯) গতিবেগে এসে গিরিবালাকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয়রা ঘাতক টিপার গাড়িটিকে ধাওয়া করে। খবর পেয়ে শান্তিরবাজার থানার সেকেন্ড অফিসার সমীর বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছে গাড়ি আটকের চেষ্টা চালান। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ ঘাতক টিপার গাড়িটিকে ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে এবং পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে। এ ধরনের দুর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় মহলে।
