মেধা তালিকা প্রকাশে বিলম্ব, টেট উত্তীর্ণদের আন্দোলন: দ্রুত নিয়োগের দাবিতে সরব চাকরিপ্রার্থীরা
টেট-১ ও টেট-২ পরীক্ষার মেধা তালিকা প্রকাশ এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে আন্দোলনে নামলেন চাকরিপ্রার্থীরা। তাদের অভিযোগ, ২০২৪ সালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর ২০২৫ সালের ২৭ এপ্রিল টেট-২ এবং ৪ মে টেট-১ পরীক্ষা অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো মেধা তালিকা প্রকাশ করা হয়নি। দীর্ঘদিন ধরে ফলাফলের অপেক্ষায় থাকায় প্রার্থীদের মধ্যে চরম অনিশ্চয়তা ও ক্ষোভ তৈরি হয়েছে।
আন্দোলনরত প্রার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—২০২৪ সালের টেট উত্তীর্ণ UGT ও GT প্রার্থীদের রিকমেন্ড লিস্ট অবিলম্বে প্রকাশ, অবশিষ্ট যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি এবং সামগ্রিক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা।
চাকরিপ্রার্থীরা নিয়োগে বৈষম্যের অভিযোগও তুলেছেন। তাদের দাবি, টেট পরীক্ষা আগে অনুষ্ঠিত হলেও সেই নিয়োগ প্রক্রিয়া এখনও শেষ হয়নি। অথচ ২০২৫ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত PGT পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের ইতোমধ্যেই চাকরির অফার দেওয়া হয়েছে। এতে টেট উত্তীর্ণদের প্রতি অবিচার করা হচ্ছে বলে তারা মনে করছেন।
আন্দোলনকারীদের বক্তব্য, টেট-১ ও টেট-২ মিলিয়ে মোট ১,৮৫৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। কিন্তু বর্তমানে যে সংখ্যক শূন্যপদ রয়েছে, তাতে প্রায় অর্ধেক প্রার্থী নিয়োগের বাইরে থেকে যেতে পারেন। তাই সকল উত্তীর্ণ প্রার্থীকে একসঙ্গে নিয়োগের দাবিও জানিয়েছেন তারা।
বিলোনিয়া, সাবরুমসহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাকরিপ্রার্থীরা স্পষ্ট জানিয়েছেন, মেধা তালিকা প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। দ্রুত স্বচ্ছ ও সময়বদ্ধ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপও দাবি করেছেন আন্দোলনকারীরা।
