আগরতলা, ২৩ জুন: ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস উপলক্ষে মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। ১৯৫৩ সালের ২৩ জুন প্রয়াত হন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবী, সংসদ সদস্য এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি। তাঁর দেশপ্রেম, জাতীয় ঐক্য ও জনসেবামূলক আদর্শকে স্মরণ করতেই এই দিনটি পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি মোহিত দাস, রাজ্যের অন্যান্য মন্ত্রী, বিধায়ক, আগরতলা পুরনিগমের মেয়র ও কাউন্সিলরসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর আয়োজিত আলোচনা সভায় বক্তারা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনদর্শন, রাজনৈতিক আদর্শ এবং সমাজের প্রতি তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন, দেশের ঐক্য ও উন্নয়নের স্বার্থে ডঃ মুখার্জির আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক।
বক্তারা বর্তমান প্রজন্মকে তাঁর আদর্শ ও মূল্যবোধ অনুসরণ করে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত সকলে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
