নিউজ ডেস্ক || সিপাহিজলা জেলার টাকারজলা থানার লম্প্রাইকামি এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি প্রার্থী নির্মল দেববর্মার বাড়িতে তিপরা মথা কর্মীদের হামলার অভিযোগে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ। এতে জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা সহ একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন।
আজ বৃহৎ সংখ্যক তিপরা মথা সমর্থক বিজেপি প্রার্থীর বাড়ি লক্ষ্য করে এগিয়ে আসেন। অভিযোগ, বিজেপি কর্মীরা তাদের বাধা দিলে উত্তেজনা চরমে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ জনতা পুলিশের উপর চড়াও হয়। এতে এসপি বিজয় দেববর্মাসহ কয়েকজন আহত হন।
জেলাশাসক ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল ঘটনাস্থলে রওনা দিয়ে বলেন, “একদল জনগণ লম্প্রাইকামিতে বিজেপি প্রার্থীর বাড়ি ঘেরাও করেছিল। কিছু পুলিশ কর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমি ঘটনাস্থলে যাচ্ছি।” গুলিচালনার বিষয়ে তিনি নিশ্চিত নন বলে জানান।
প্রশাসন সূত্রে জানা গেছে, এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই ঘটনা স্থানীয় রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে। প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
