ত্রিপুরাজুড়ে ‘ভিবি জিরামজি’ প্রকল্পের সূচনা, গ্রামীণ উন্নয়নে নতুন অধ্যায়

2 Min Read

আগরতলায় রাজ্যস্তরের উদ্বোধন, আমবাসায় জেলা পর্যায়ের অনুষ্ঠানে উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির আশাবাদ

নিজস্ব প্রতিনিধি, আমবাসা: গ্রামীণ কর্মসংস্থান ও জীবিকার সুযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যে ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন দপ্তরের উদ্যোগে রাজ্যজুড়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ’ (ভিবি জিরামজি) প্রকল্পের। রাজ্যস্তরের মূল উদ্বোধনী অনুষ্ঠান আগরতলার নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়। সেখানে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গ্রামীণ উন্নয়ন দপ্তরের মন্ত্রী টিংকু রায়।

এরই অংশ হিসেবে ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে আমবাসা টাউন হলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চারাগাছে জল সিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা, আমবাসা আরডি ব্লকের বিএসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, ধলাই জেলার ভারপ্রাপ্ত জেলা শাসক পার্থদাসসহ বিভিন্ন দপ্তরের আধিকারিক, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি সুস্মিতা দাস বলেন, এতদিন গ্রামীণ এলাকার উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (MGNREGA)-এর মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালিত হয়ে আসছিল। গ্রামীণ কর্মসংস্থান এবং জীবিকার সুযোগকে আরও শক্তিশালী ও কার্যকর করার উদ্দেশ্যে কেন্দ্র সরকার এই প্রকল্পের নতুন নামকরণ করেছে ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ’ (ভিবি জিরামজি)।

তিনি জানান, নতুন উদ্যোগের ফলে পূর্বে বিভিন্ন বিধিনিষেধের কারণে যে সমস্যার সম্মুখীন হতে হতো, তার অনেকটাই দূর হবে। এর ফলে গ্রামীণ উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন আরও দ্রুত, স্বচ্ছ ও সময়মতো সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা কেন্দ্র থেকে সম্প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার একসঙ্গে উপভোগ করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জীবিকার মানোন্নয়নে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version