ত্রিপুরায় টেট ফলাফল প্রকাশের পরও সার্টিফিকেট বিলম্ব, প্রার্থীদের মধ্যে ক্ষোভ

2 Min Read
নিউজ ডেস্ক || ২০২৪-২৫ শিক্ষাবর্ষের টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট ওয়ান ও টেট টু) পরীক্ষার ফলাফল প্রকাশের পর প্রায় দুই হাজারেরও বেশি বেকার যুবক-যুবতী সাফল্য অর্জন করলেও, ত্রিপুরা টিআরবিটি বোর্ড এখনও পর্যন্ত উত্তীর্ণ প্রার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দিতে ব্যর্থ হয়েছে। এই বিলম্বের কারণে প্রার্থীদের মধ্যে গভীর ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে, কারণ সার্টিফিকেট ছাড়া তারা ভবিষ্যৎ নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না।
সোমবার সকালে একদল টেট উত্তীর্ণ প্রার্থী টিআরবিটি বোর্ডের দপ্তরে উপস্থিত হয়ে বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা অবিলম্বে সার্টিফিকেট প্রদানের দাবি জানান। প্রার্থীদের অভিযোগ, দীর্ঘ অপেক্ষার পরও বোর্ড কোনও নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেনি, যা তাদের হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রার্থীরা আরও জানান, রাজ্যের সরকারি ও অনুদানপ্রাপ্ত স্কুলগুলোতে শিক্ষক স্বল্পতা প্রকট আকার ধারণ করেছে। বহু স্কুলে একাধিক বিষয়ের শিক্ষকের অভাবে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের দাবি, বর্তমানে টেট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যার তুলনায় রাজ্যে শূন্য পদের সংখ্যা অনেক বেশি। এই পরিস্থিতিতে তারা সরকারের কাছে সকল টেট উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন।
প্রার্থীরা বলেন, “শিক্ষাক্ষেত্রের উন্নতি ও বেকারত্ব দূরীকরণের স্বার্থে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সার্টিফিকেট প্রদানে বিলম্বের কোনও যুক্তিসঙ্গত কারণ নেই।” তারা হুঁশিয়ারি দিয়ে জানান, আগামী দিনে যদি সার্টিফিকেট প্রদান ও নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু না হয়, তবে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন।
টিআরবিটি বোর্ড এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। তবে, প্রার্থীদের এই ক্ষোভ ও দাবি রাজ্যের শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যাকে নতুন করে সামনে এনেছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version