ত্রিপুরায় পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করছে সরকার: ২১৮ সাব-ইন্সপেক্টরের নিয়োগ শীঘ্রই

2 Min Read
ত্রিপুরা সরকার পুলিশিং ব্যবস্থাকে আরও উন্নত ও আধুনিক করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে দেশের প্রথম রাজ্য হিসেবে ত্রিপুরায় চালু হয়েছে ‘১১২ ইন্ডিয়া’ মোবাইল অ্যাপ। পাশাপাশি ২১৮ জন সাব-ইন্সপেক্টরকে শীঘ্রই নিয়োগপত্র দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা।
কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমিতে নবনিযুক্ত কনস্টেবলদের (৯১তম ও ৯২তম ব্যাচ) পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী এসব তথ্য জানান। অনুষ্ঠানে তিনি বলেন, “আজ ৪৭৬ জন কনস্টেবল পাসিং আউট করেছেন, যাদের মধ্যে ৩১৮ জনই মহিলা। এবার মহিলা কনস্টেবলের সংখ্যা পুরুষের চেয়ে বেশি।” তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মহিলা ক্ষমতায়ন নীতির প্রশংসা করেন এবং উল্লেখ করেন যে, একজন মহিলা কমান্ডার পুরো প্যারেড নিয়ন্ত্রণ করেছেন।
মুখ্যমন্ত্রী জানান, মোট ৯৭৫ জনকে অফার দেওয়া হয়েছে। রামারাও ট্রেনিং সেন্টারে আরও ৪৭৫ জন প্রশিক্ষণ নিয়েছেন। ত্রিপুরা পুলিশকে আধুনিক প্রযুক্তি, জঙ্গল ওয়ারফেয়ার, দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া আরও ৯১৬ জন কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া চলছে।
এদিন ত্রিপুরায় ‘১১২ ইন্ডিয়া’ অ্যাপের সূচনা করা হয়। এই অ্যাপের মাধ্যমে বিপদে পড়লে একটি বোতাম টিপলেই পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে যাবে, যা বিশেষ করে নারী ও প্রবীণ নাগরিকদের নিরাপত্তায় বড় সহায়ক হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। মুখ্যমন্ত্রী টিএসআর-এর দ্বিতীয় আইআর ব্যাটেলিয়নের অনুমোদনের জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান এবং ড্রাগসের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version