আগরতলা, ১৩ জুন: রাজ্যে মৌসুমী বায়ু সক্রিয় হয়ে ওঠায় ত্রিপুরাজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী এক সপ্তাহ রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি ১৩ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ধলাই, উত্তর ত্রিপুরা, গোমতি এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ভারী বৃষ্টির কারণে নিচু এলাকাগুলিতে জল জমে স্থানীয়ভাবে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া পানীয় জল সরবরাহ, বিদ্যুৎ পরিষেবা এবং গুরুত্বপূর্ণ সড়কপথে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
পাহাড়ি ও পর্যটন কেন্দ্রিক এলাকাগুলিতে ছোটখাটো ধস বা ভূমিধসের ঘটনা ঘটতে পারে, যার ফলে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন দেখা দিতে পারে। অন্যদিকে কৃষি জমিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় ফসলের সাময়িক ক্ষতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। বজ্রঝড়ের সময় খোলা মাঠ, গাছের নিচে কিংবা জলাশয়ের আশেপাশে অবস্থান না করার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার অনুরোধ করা হয়েছে।
এদিকে বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়া দপ্তরের মতে, আগামী ১৮ জুন পর্যন্ত রাজ্যজুড়ে মেঘলা আকাশ ও বৃষ্টির এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
