নিউজ ডেস্ক || ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (টিএসইসিএল) দেশের সেরা বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর তালিকায় উঠে এসেছে। ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রক ও রুরাল ইলেক্ট্রিফিকেশন কর্পোরেশনের ‘কনজিউমার সার্ভিস রেটিং অফ ডিসকমস’ (সিএসআরডি) মূল্যায়নে ৬৬টি সংস্থার মধ্যে টিএসইসিএল ‘এ’ গ্রেড পেয়েছে।
গত ২০২৩-২৪ অর্থবর্ষে ‘বি+’ গ্রেড থেকে এক বছরে ‘এ’ গ্রেডে উন্নীত হয়েছে সংস্থাটি। র্যাঙ্কিংয়েও বড় লাফ—২০২২-২৩ সালে ৫১তম থেকে ২০২৪-২৫-এ ২৪তম স্থানে উঠেছে।
শহরে গড়ে ২৩ ঘণ্টা ৪৫ মিনিট ও গ্রামে ২৩ ঘণ্টা ৩৫ মিনিট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে, শিল্পাঞ্চলে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন। লোডশেডিং প্রায় বিদায় নিয়েছে। ট্রান্সফরমার বিকলের হার ৫.৪০% থেকে কমে ৩.৬৩% হয়েছে।
নতুন সংযোগ অনলাইনে দ্রুত মিলছে, ৬৫% গ্রাহক ডিজিটাল বিল পরিশোধ করছেন (আগে ১৩%), ৯৯% মোবাইলে বিল আপডেট পাচ্ছেন। অভিযোগ নিষ্পত্তিতে ২৪ ঘণ্টার কল সেন্টার সক্রিয়, বিদ্যুৎ বিভ্রাটের আগাম জানানোয় ১০০% সাফল্য।
বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, সচিব অভিষেক সিং ও ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসুর নেতৃত্বে কর্মীদের নিরলস প্রচেষ্টায় এ সাফল্য এসেছে। মন্ত্রী আশা করেছেন, আগামীতে ‘এ প্লাস’ গ্রেড সম্ভব।
উত্তর-পূর্বের ছোট রাজ্য হিসেবে ত্রিপুরার এ অর্জন দেশের কাছে অনুকরণীয় উদাহরণ।
