ত্রিপুরায় সক্রিয় বর্ষা, আগামী পাঁচ দিন বৃষ্টির দাপট; একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

2 Min Read

আগরতলা, ২২ জুন: তীব্র গরম ও প্রখর রোদকে বিদায় জানিয়ে ত্রিপুরায় আনুষ্ঠানিকভাবে বর্ষার প্রবেশ ঘটেছে। বর্তমানে রাজ্যজুড়ে বর্ষা বেশ সক্রিয় অবস্থায় রয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)-এর আগরতলা কেন্দ্রের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আগামী পাঁচ দিন রাজ্যের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের দু-একটি স্থানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা, গোমতী, ধলাই এবং পশ্চিম ত্রিপুরা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।

জেলা ভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে, ২৩ জুন পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, দক্ষিণ ত্রিপুরা, গোমতী, খোয়াই এবং ধলাই জেলার কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ২৪ থেকে ২৬ জুন পর্যন্ত রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

বর্ষার সক্রিয়তায় তাপমাত্রাও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। আগামী তিন থেকে চার দিন রাজ্যের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা নিচে থাকবে, ফলে দীর্ঘদিনের তীব্র গরম থেকে সাধারণ মানুষ স্বস্তি পাবেন। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে, যার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বজায় থাকবে।

এদিকে, উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ২৫ জুন পর্যন্ত অসম ও মেঘালয়ের জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। দেশের কিছু অঞ্চলে ঝড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।

প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং আবহাওয়া সংক্রান্ত সরকারি নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version